ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাগবাড়ী রাজপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব। রবিবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে র্যাব-১০-এর একটি দল বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় আবুল কালাম আজাদ (৪২) নামের এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোনায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তাপস কর্মকার জানান, অভিযানের আগে তথ্য-প্রযুক্তির সহায়তায় পেশাদার অস্ত্র ব্যবসায়ীদের অবস্থান শনাক্ত করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ‘পলাতক অস্ত্র ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।







