গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী সড়কের গড়েয়াব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকাগামী ক্রাউন সিমেন্টের একটি ট্রাক গাইবান্ধার দিকে যাচ্ছিল। গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে চলা কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে বাসটির বাম পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন আরও কয়েকজন যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার ডিউটি অফিসার সহকারি উপপরিদর্শক (এএসআই) ফাতেমা বেগম বলেন, ‘পুলিশ নিহতদের পরিচয় সহ বিস্তারিত জানার চেষ্টা করছে।’







