লেবাননের রাজধানী বৈরুত-এ ইসরায়েলের বিমান হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বুধবার বৈরুতের হামরা এলাকায় নিজ কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে ভয়াবহ বিমান হামলার শিকার হন দিপালী। হামলার সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ গ্রামের বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে। জীবিকার তাগিদে তিনি লেবাননে গিয়েছিলেন এবং সেখানেই কর্মরত ছিলেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
এদিকে দূতাবাসের প্রাপ্ত তথ্যানুযায়ী, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও প্রতিবেশীদের বরাতে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।







