২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

/

মোস্তাফিজ বাদ, নির্দেশ বিসিসিআই

মোস্তাফিজ বাদ, নির্দেশ বিসিসিআই

||

দৈনিক মাটির কণ্ঠ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল মোস্তাফিজের। ছবি: কেকেআর

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।

গোহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে এএনআইকে বলেন, ‘কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।’ মোস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া- এএফপি

বাংলাদেশের সাত খেলোয়াড়ের নাম ছিল গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে; কিন্তু দল পান শুধু মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে কেনে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড।
এর আগে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা সরকারের নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশ নেওয়া থেকে বিরত রাখার বিষয়ে সরকারের তরফ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি।’ তারপর আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মোস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দিতে বলার সিদ্ধান্তের কথা জানালেন।

কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড কিংবদন্তি শাহরুখ খান

‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’–এর প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও মোস্তাফিজকে কেনার জন্য শাহরুখ খানের সমালোচনা করেন। এএনআইকে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে, সে বিষয়ে শাহরুখ খানের কি কিছুই জানা নেই?…দুঃখের বিষয় বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার খবর থাকা সত্ত্বেও কেকেআর আইপিএলের নিলামে এক বাংলাদেশি খেলোয়াড় বেছে নিয়েছে। শাহরুখ খানের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছাড়া বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চালানো নৃশংসতার নিন্দায় তাঁর একটি বিবৃতি দেওয়া উচিত।’
শাহরুখকে উদ্দেশ করে এর আগে শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম এএনআইকে বলেন, ‘যখন পুরো দেশ বাংলাদেশকে নিয়ে ক্ষিপ্ত, তখন ভারতের যে কেউ, যার বাংলাদেশিদের সঙ্গে সামান্য হলেও সম্পর্ক আছে, সে সেই রাগের লক্ষ্য হতে পারে। যদি শাহরুখ খানের দলে একজন বাংলাদেশি খেলোয়াড় থাকে, সে কারণে তিনি লক্ষ্য হওয়ার আগে আমরা শাহরুখকে তার দলে থাকা বাংলাদেশিকে সরানোর অনুরোধ করছি।’

আইপিএলে নিয়মিত মুখ ছিলেন মোস্তাফিজ

কংগ্রেস নেতা সুপ্রিয়া শিরনাতে দাবি করেছেন, আইপিএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের অংশ নেওয়ার অনুমতি কে দিয়েছে—সবার আগে এটা বের করা উচিত। এএনআইকে সুপ্রিয়া বলেন, ‘সবার আগে আমি জানতে চাই (নিলামের) পুলে বাংলাদেশের খেলোয়াড়দের রেখেছেন কে। এই প্রশ্ন বিসিসিআই এবং আইসিসির কাছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহর উত্তর দেওয়া উচিত বাংলাদেশের খেলোয়াড়দের পুলে রেখেছেন কে, যেখানে আইপিএল খেলোয়াড়দের কেনাবেচা করা হয়…তিনি আইসিসির প্রধান এবং বিশ্বজুড়ে ক্রিকেটে প্রধান সিদ্ধান্তগ্রহণকারী।’

মোস্তাফিজ এর আগে ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর