নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টডোব বাঁকে ছোট যমুনা নদীর পূর্ব পাশে বাঁধের প্রায় দুই শ ফুট অংশ গত বর্ষা মৌসুমে ধসে পড়ে। একই সময় ধসে পড়ে বাঁধের পাকা সড়কের প্রায় দুই ফুট অংশ। বাঁধটির ক্ষতিগ্রস্ত অংশ এখনো সংস্কার করা হয়নি। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ দাবি স্থানীয়দের।
স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে বাঁধের কাষ্টডোব বাঁকে ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে শতর্কতামূলক ব্যবস্থা নেয়। পরে নদীর পানি নেমে গেলে প্রায় দুই শ ফুট অংশ ধসে পড়ে। আবার সড়কের মাঝখানে হালকা ফাটল দেখা দেয়। শুষ্ক মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে বাঁধ ধসে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
স্থানীয়রা জানান, নওগাঁর বদলগাছী উপজেলা একটি কৃষিপ্রধান এলাকা। এ উপজেলায় ধানের তিন ফসলসহ সারা বছর সবজি চাষ করা হয়। সংস্কারের অভাবে বাঁধ ভেঙে গেলে যে পরিমাণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে, তার ১০ গুণ ক্ষতি হবে ফসলের। তা ছাড়া ছোট যমুনা নদীর এই বাঁধ এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ।
বহু বছর আগে পারসোমবাড়ি থেকে বদলগাছী পর্যন্ত এই বাঁধে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এক সপ্তাহের বর্ষায়ই ঝুঁকিপূর্ণ স্থানে সড়কের অর্ধেক ধসে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন বলেন, দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানটি সংস্কার করা প্রয়োজন। নইলে এলাকাবাসী ক্ষতির মুখে পড়বে।
এ ব্যাপারে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, দুই-তিন শ ফুট ছোটখাটো ভাঙন কোনো বিষয় না।
পদ্মার পাড়ে দুই-তিন কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দেয়। তার পরও আমরা বরাদ্দ চেয়েছিলাম, পাইনি। পেলে সংস্কার করা হবে।







